আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক: পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটির এবারের পর্বে রয়েছে পটুয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।পটুয়াখালীর সদর উপজেলার নন্দীপাড়ার আবদুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে মধু আহরণের ওপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। কুয়াকাটার নবীনপুর গ্রামের মন্নান মাঝির নিঃস্বার্থ মানবিক কর্মকাণ্ডের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।সাগরের মাঝিরা যার নাম দিয়েছেন সাগরবন্ধু। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউনে অবস্থিত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য টেবিল মাউন্টেনের ওপর একটি বিশেষ প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি।
গানটি গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও পটুয়াখালীকে নিয়ে লেখা প্রতীক হাসান ও অনিকার কণ্ঠে ধারণ করা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীরা। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ।ভেজালের বেড়াজাল, সঙ্গীতের সঙ্গীন অবস্থা, তথ্য ব্যবসার ব্যাপকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুপ্রভাব, তোষামোদে খোশ আমোদে, রান্নাবান্না ও কান্নাসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এটি আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।




