আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩
নিউজ ডেস্ক।। রাজধানীর আশুলিয়ার ঘোষবাগ এলাকায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ধর্ষণ ঘটনার পর বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে আটক করে পুলিশ। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানার রেহানিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মুনসুর আলী ওরফে রনি(৩৬), দিনাজপুরের বিরল থানার শ্যামপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আনিস(৩২) এবং আশুলিয়ার ঘোষবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত ওরফে শুভ(২০)।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বাসায় ফিরেন দম্পতি। এ সময় অভিযুক্ত তিনজন তাদের মিথ্যা অপবাদ দিয়ে উভয়কে মারপিঠ ও ভয়ভীতি দেখিয়ে স্বামীকে একটি ঘরে আটকে রাখে। পরে গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে মুনসুর আলী ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে ২৯ হাজার তিনশত টাকা ও ব্যবহৃত মুঠোফোন নিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আটক করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।




