লক্ষ্মীপুরে শান্ত পরিবেশে চলছে ভোট
লক্ষ্মীপুর প্রতিনিধি: এবারের উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫ উপজেলার ৪৬০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে গেলেও ভোটারের শীতল উপস্থিতি কাটছে না কোনভাবেই। সবগুলো কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রতি ঘন্টায় গড়ে ২৫-৩০ ভোট পড়েছে বলে দেখা গেছে। তবে নির্বাচনের রিটানিং র্কমর্কতা, প্রার্থী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানিয়েছেন, প্রথম প্রহরে উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহর সহ জেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি বাড়ার কোন দৃশ্যই পরিলক্ষিত হয়নি। এদিন সকাল ১০টা পর্যন্ত হাজিরপাড়া সরকারি হামিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর বুথে একটি ভোটও পড়েনি। চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রতাপ দেখা যায়নি। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা কেন্দ্রে কোনো ভোটারকে লাইনে দাঁড়াতে দেখা যায়নি।
সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না। এই কেন্দ্রে ১ হাজার ৩১ মহিলা ভোটারের মধ্যে দুটি বুথে ৩টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার কামরুল হাসান। আর পুরুষ বুথের চারটির একটিতেও কোনো ভোটই পড়েনি। বাকি তিনটিতে ৩০ ভোট পড়েছে বলে জানা গেছে।লক্ষ্মীপুর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিতে ভোটারদের কোনও লাইন চোখে পড়েনি। এ দুই কেন্দ্রে এক ঘণ্টায় ৪০ ভোট পড়েছে।
লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় পুরুষ ও নারী বুথে মোট ভোটার ৫ হাজার। লক্ষ্মীপুর এন আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ও নারী বুথে মোট ভোটার ৬৩৫০ জন।লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যলয়ের প্রিজাইডিং অফিসার গিয়াস উদ্দিন জানান, প্রথম এক ঘণ্টায় ভোট পড়ছে ২২টি। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জের ধর্মপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারবিহীন ভোটারের সারিতে কুকুর ঘুমানোর দৃশ্য চোখে পড়েছে।
জেলার ৫টি উপজেলায় ৪৬০টি কেন্দ্র ১২ লাখ ৩৪ হাজার ভোটার। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৪৬টি কেন্দ্র।অন্যদিকে নির্বাচনী সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। জেলার পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া বলেন, নির্বাচনী সহিংসতা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। যেকোন ধরনের সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।সূত্র: বাংলাদেশ জার্নাল




