‘পুরুষদের সঙ্গে সহবাস করি না’
ডেস্ক রিপোর্ট।। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক মহল। নির্বাচনে বড় দলগুলোর মধ্যে যেন ভাঙা-গড়া লেগেই রয়েছে। এবার নতুন করে আরও একটু স্পষ্ট হলো কর্ণাটক কংগ্রেসের মধ্যে কলহের ছবিটা। দলের দুই প্রবীণ নেতা তথা স্পিকার রমেশ কুমার ও কে এইচ মুনিয়াপ্পার মধ্যে যে ধরনের শব্দ বিনিময় হয়েছে তা দলের মধ্যে থাকা দ্বন্দ্বকেই প্রকাশ্যে নিয়ে এসেছে।
সম্প্রতি রমেশ কুমারের সঙ্গে সংঘাত নিয়ে প্রশ্ন করা হলে মুনিয়াপ্পা বলেন, ‘আমরা স্বামী-স্ত্রীর মতো। আমাদের কোনো সংঘাত নেই।’ এর উত্তরে রমেশ কুমার বলেন, ‘আমি পুরুষদের সঙ্গে সহবাস করি না। আমার একজন স্ত্রী আছেন। তাই মুনিয়াপ্পার আগ্রহ থাকতে পারে কিন্তু আমার নেই।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা মুনিয়াপ্পার বিরুদ্ধে শীর্ষ নেতাদের কাছে নালিশ করেছেন রমেশ কুমার।
গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটকের কোলার এলাকার এক অনুষ্ঠানে যোগ দিয়ে রমেশ কুমার সম্পর্কে মন্তব্য করেন মুনিয়াপ্পা। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ভোটে লড়তে চান তিনি। রমেশ কুমারও ওই এলাকার নেতা। দুজনের মধ্যে আগেও লোকসভা নির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে ঝামেলা হয়েছে।

মুনিয়াপ্পা
এদিকে সাত বারের সাংসদ মুনিয়াপ্পা এবারও প্রার্থী হতে পারেন বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রমেশসহ অন্য কয়েকজন নেতার আপত্তি আছে। নিজেদের আপত্তির কথা পার্টি হাইকমান্ডকেও জানিয়ে দিয়েছেন তারা। তাদের দাবি, সাত বার সাংসদ থাকায় মুনিয়াপ্পার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপ রয়েছে। আর তা ছাড়া তিনি নিজের পরিবারের সদস্যদের রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। সেটা এই মুহূর্তে দলের পক্ষে ভালো নয়।
সম্প্রতি একটি অডিও টেপ ফাঁস হয়েছে যেখানে রমেশ কুমারকে বলতে শোনা গেছে, ‘নিজেকে ধর্ষিতার মতো মনে হচ্ছিলো। যারা ধর্ষণের শিকার হন তাদের বহু প্রশ্নের মুখে পড়তে হয়। আমাকেও সেভাবেই প্রশ্ন করা হচ্ছিল।’
কর্ণাটক কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। এর আগেও কংগ্রেস একাধিকবার দলীয় কলহের জন্য সমস্যায় পড়েছে।
আগামী ১১ এপ্রিল থেকে ভারতের লোকসভার ৫৪৩টি আসনে শুরু হবে সাত দফায় ভোট। ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৩ মে।




