‘দেড় বছর আগেই ডিভোর্স হয়েছে’
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমায় তার অভিষেক হয় ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত তার। নীল চোখের এই অভিনেতা এরপর অভিনয় করেছেন যৌথ প্রযোজনা সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করে আবারো আলোচনায়। সেই রেশ কাটতে না কাটতেই আবারো আলোচানায় এই অভিনেতা।
গোপনে প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনের নিয়ে বহু আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের বিয়ের খবর ছড়ায়। তখন এক নারীর সঙ্গে তাসকিনের বিয়ের কিছু ছবি প্রকাশ হয়। ছবিগুলো অনেকেই পোস্ট করে লিখেছেন, ‘এক স্ত্রী রেখে আবারও বিয়ে করেছেন এই অভিনেতা’।প্রায়ই এখন গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়াতে বিয়ে করেছিলেন তাসকিন। কিন্তু বিয়ের এক মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। নানা গুঞ্জনে এখন নাজেহাল তাসকিন। যে বিয়ে নিয়ে এত আলোচনা তাসকিন এটাকে বিয়ে বলতেই নারাজ।
বিয়ের বিষয়টি নিয়ে তাসকিন বলেন, ‘আমার সাথে যার বিয়ের কথা বলা হচ্ছে তার সাথে আমার বছর খানেক আগেই ডিভোর্স হয়েছে তাও দুজনের সম্মতিতেই। আমি অস্বীকার করছিনা যে তার সঙ্গে আমার বিয়ে হয়নি। তবে হাজবেন্ড-ওয়াইফ হিসেবে আমরা একসঙ্গে থাকিনি। আমাদের মধ্যে স্বামী-স্ত্রী হিসেবে ওই ইন্টারাকশানটাও হয়নি।’‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমাদের আলাদা হয়ে যাওয়ার পর কেন আবার নতুন করে এই সব আলোচনায় আসছে তা বুঝতে পারছিনা। মানুষের শিল্পীদের নিয়ে কৌতূহল থাকবেই তবে যে বিষয়টির বর্তমানে কোন অস্তিত নেই তা নিয়ে বার বার কথা বলা সত্যিই বিব্রতকর।’
বিষয়গুলো মানসিক নির্যাতন উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমি আজকে তাসকিন আমার কাজ দিয়ে আমার বিয়ে দিয়ে নয়। আমার কাজ দিয়ে আমাকে মানুষ চিনেছে। আর তাই আমি আমার কাজ নিয়েই ব্যস্ত আছি কিন্তু কিছুদিন ধরে ক্রমাগত বিষয় গুলো আমাকে বিরক্ত করছে। যার সাথে আমার বিয়ে হয়েছিলো আমি তো তার কিংবা তাদের পরিবারের কথা কোথাও উল্লেখ করিনি তাহলে আমাকে কেন বার বার একই বিষয় নিয়ে সবার সামনে কথা হলতে হচ্ছে?’
বিয়ের এই ছবিগুলো যারা ছড়িয়েছেন তাদের অনুরোধ করে তাসকিন বলেন, ‘আমাদের বিয়ের একটা আনুষ্ঠানিকতা হয়ে ছিল। কিন্ত আমরা একসঙ্গে থাকিনি। তার এক মাসের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সংসার করব না। সেই অনুষ্ঠানের কিছু ছবি যে বা যারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন তাদের এগুলো সরিয়ে ফেলার অনুরোধ রইলো।’ছোটবেলা থেকে অভিনয়ে যুক্ত তাসকিন রহমান। শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনের কিছু নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তাসকিন প্রথম অভিনয় করেন ১৯৯৫ সালে। এরপর ২০০২ সালে লেখাপড়া করতে অস্ট্রেলিয়া চলে যান তিনি।২০১৪ সালে তিনি প্রথম অভিনয় করেন ‘আদি’ ছবিতে। পরে ২০১৫ সালে ‘মৃত্যুপুরী’, ২০১৬ সালে ‘অপারেশন অগ্নিপথ’ ও ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। শেষে ঢাকা অ্যাটাক দিয়েই পরিচিতি পান তিনি।




