280256

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবর্তন আসছে প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে। জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে কোনো ধরনের পরীক্ষা থাকছে না। এই তিন শ্রেণীতে সব ধরনের পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রাক-প্রাথমিকের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করারও চিন্তাভাবনা চলছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর সব পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুর ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে ফিনল্যান্ডসহ উন্নত বিশ্বের আদলে শিক্ষাব্যবস্থা সাজানোর নির্দেশ দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে এ নির্দেশনা কার্যকর করার চিন্তা করা হচ্ছে। এছাড়া আগামী বছর থেকে এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাকে বর্ধিত করে দুই বছর মেয়াদ করার চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে স্কুলকে আকর্ষণীয় করতে প্রতিটি স্কুলে ‘কাব স্কাউট’ গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা সপ্তাহের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণশিক্ষা সচিবকে আগামী বছর থেকে প্রাথমিক স্তরের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সব পরীক্ষা তুলে দেয়ার নির্দেশ দেন। ফিনল্যান্ড ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওইসব দেশে বাচ্চাদের কোনো পরীক্ষা নেই। তারা কীভাবে শিশুর মেধার মূল্যায়ন করে, সেসব বিষয় খোঁজখবর নিয়ে প্রয়োজনে কমিটি গঠন করতে বলেন প্রধানমন্ত্রী। ক্লাসের পরীক্ষা যেন শিশুর বেড়ে ওঠার জন্য কোনো ধরনের বাধা হতে না পারে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।

এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি, স্কুল থেকে দেয়া ডায়েরির রিপোর্টই মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হতে পারে। পরীক্ষার চাপ যেন শিশুর স্বাভাবিক বিকাশে বাধা হতে না পারে, সেজন্যই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া প্রাক-প্রাথমিকের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করারও চিন্তাভাবনা চলছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিন্ডারগার্টেনের দৌরাত্ম্য কমিয়ে ৪ বছরের বেশি বয়সী শিশুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী করতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। উল্লেখ্য, প্রাক-প্রাথমিক শ্রেণীতে কোনো ধরনের পরীক্ষা নেয়া হয় না।

ad

পাঠকের মতামত