280190

নিরাপদ সড়কের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ সড়ক ও রাজধানীর নর্দায় বাসচাপায় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার ঘটনায় চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এদিন বেশ কিছু বিভাগের ক্লাস বর্জন করতে দেখা গেছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন করে।এরপর সেখানে কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে। এছাড়া একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনে ৮ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- নিহত আবরাবের হত্যাকারীকে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া, জাবালে নূরের সকল বাস বন্ধ করা, রাস্তায় রাস্তায় চেকিং সিস্টেম বন্ধ করা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্টপেজ রাখা, প্রত্যেক বাস চালকের ছবি এবং লাইসেন্স শো করা, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভারব্রিজ দেওয়া ও প্রতিটি জেব্রা ক্রসিংয়ের পাশে সিসি ক্যামেরা ব্যবস্থা করা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বারবার রাস্তায় শিক্ষার্থীদের জীবন দিতে হচ্ছে। আমরা এর আগেও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে একটি পথের সন্ধান দিয়েছিলাম। কিন্তু সরকার তা মনে রাখেনি।যার কারণে আবারও আবরারকে রাস্তায় জীবন দিতে হলো। আমরা আর কোনো মানুষের মরদেহ রাস্তায় দেখতে চাই না। সবসময় আমাদের আশ্বাস দেওয়া হয়। এবার আমরা এসবের বাস্তবায়ন চাই। প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ad

পাঠকের মতামত