279897

এ কেমন জন্মদিন পালন!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে তোহা নামে এক কলেজছাত্রকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পচা ডিম, আটা-ময়দার ভুসি এবং নানা ধরনের নোংরা ময়লা-আবর্জনা মাথায়সহ সারা শরীরে মেখে জন্মদিন পালন করেছে তার বন্ধুরা।মঙ্গলবার দুপুরে সদর পৌর এলাকায় সয়াধানগড়া মধ্যপাড়ায় হাজী কোয়াটারের সামনে এ ঘটনা ঘটে।তোহা শহরের ভাসানী কলেজের প্রথম বর্ষের ছাত্র ও ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

পেশাগত কারণে এ প্রতিবেদক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন দৃশ্য চোখে পড়ে তার। এ সময় মোটরসাইকেল থেকে নেমে ওই যুবকদের এভাবে জন্মদিন পালনের কারণ জানতে চাইলে তারা বলে- আপনার বোধ হয় সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ধারণা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জায়গায় এভাবেই জন্মদিন পালন করা হয়ে থাকে।

এ সময় এ প্রতিবেদক তাদের বোঝানোর চেষ্টা করে- এভাবে জন্মদিন পালন করা মোটেও ঠিক নয়। এটি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বিধায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। এ ধরনের কথাবার্তায় ওই কিশোররা বিরক্ত বোধ করে এবং আবারো তাদের বন্ধুর জন্মদিন পালন উৎসবে মেতে ওঠে।জোর করে গাছের সঙ্গে বেঁধে রেখে এভাবে জন্মদিন পালন করা হচ্ছে কিনা জানতে চাইলে কলেজ ছাত্র তোহা জানায়, আজ তার জন্মদিন। তাই বন্ধুরা গাছের সঙ্গে বেঁধে রেখে এভাবেই জন্মদিন উদযাপন করছে। এ ব্যাপারে তার কোনো অভিযোগ নেই।

ad

পাঠকের মতামত