এবার সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলেকে চাপা দিল ট্রাক
সিলেট প্রতিনিধি: এবার সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। মঙ্গলবার বেলা ২টার দিকে সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে বিছানাকান্দি থেকে জাফলং যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রাম এলাকায় পৌঁছালে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা সেনানিবাস থেকে তারা সিলেটে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে বিছনাকান্দি দেখতে যান তারা। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আবদুল জলিল বলেন, গোয়াইনঘাটের সতিগ্রামের মোড়ে সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলেকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী।




