আনপ্রেডিক্টেবল নুর!
নুরুল হক নুর। ডাকসুর ভিপি। নির্বাচনের দিন দুপুর নাগাদ বর্জন করেছিলেন ডাকসুর ভোট। বর্জন করেও বিজয়ী হন তিনি। তখনই বড় প্রশ্ন দেখা দেয় নুর কি ভিপি হিসেবে দায়িত্ব নেবেন? প্রশ্নটির সরাসরি জবাব তিনি কখনও দেননি। কখনো বলেছেন, শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেব। আবার কখনো পুননির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছেন।
সর্বশেষ শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নুর। বলেছেন প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের প্রতিকৃতি দেখতে পান তিনি। এমনকি নিজেদের ছাত্রলীগের সাবেক নেতা বলে বেশ কয়েকবার দাবিও করেছেন। বলেছেন তার পরিবারও আওয়ামী ঘরানার। ডাকসু পরিচালনায় চেয়েছিলেন প্রধানমন্ত্রীর সহযোগিতা। মনে হয়েছিল দায়িত্ব নিতেই যাচ্ছেন নুর।
কিন্তু পরদিনই ভোল পাল্টালেন তিনি। ফের ডাকসু নির্বাচন চাইলেন নুর। ঘোষণা করলেন আন্দোলন কর্মসূচি। রোববার বিকালে সংবাদ সম্মেলনে করেন তিনি। এসময় ডাকসুর পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দাবি করেন ভিপি নুর। দাবিগুলো হল- ভিসির পদত্যাগ, নির্বাচন বাতিল, পুন:তফসিল ঘোষণা, মামলা প্রত্যাহার, হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
নির্বাচন বয়কট করা ৫ প্যানেলকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ১৮ মার্চ থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে সেদিন সকাল ১১ টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি কার্যালয় অবরোধ করা হবে।বারবার এমন অবস্থান বদলে সমালোচিত হচ্ছেন সাম্প্রতিক সময়ে দেশব্যাপি আলোচিত এই ছাত্রনেতা। এমনকি তার অনুগতরাও অনেকে বলছেন, ‘নুর কখন কি বলেন, তার কোনো ঠিক-ঠিকানা নেই’। সব মিলয়ে গত কয়েকদিনের কথাবার্তা অনেকেই বলছেন, তিনি হয়ে উঠছেন ‘আনপ্রেডিক্টেবল নুর’!




