278697

‘বুবলী আইসক্রিম’!

ডেস্ক রিপোর্ট।। সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসে অল্প সময়েই ব্যাপক পরিচিতি পেয়েছেন চিত্রনায়িকা বুবলী। সবার পছন্দের নায়িকা হয়ে উঠেছেন তিনি। তার ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার প্রমাণও পাওয়া গেলো। এবার বুবলীর নামে ভক্তরা আইসক্রিম বিক্রি করছেন। আইসক্রিমের নাম ‘বুবলী আইসক্রিম’। সিলেটে এই আইসক্রিম পাওয়া যাচ্ছে।

ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বুবলী। তাই তো তিনি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে সেই আইসক্রিমের ছবি দিয়ে সিলেটের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে বুবলী লেখেন, ‘আমার কিছু কিছু ভক্তদের ভালোবাসায় সত্যি অভিভূত এবং আবেগাপ্লুত হই প্রায় সময়। বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা হোক আর বিভিন্ন জেলা থেকে হোক, আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি সত্যি পরিপূর্ণ।’

তিনি আরও লেখেন, ‘আজ আবার নতুন করে সিলেটবাসীদের কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম, আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে, এটা সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ে আপনারা আমাকে এতো আপন করে নিয়েছেন যা আমাকে আগামীর পথচলায় আরো বেশি শক্তি যোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি!’ পরিশেষে বুবলী লেখেন, ‘সিলেট থেকে ছবিগুলো পাঠিয়েছেন যেসব ভাইরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আর অনুগ্রহ করে বুবলী আইসক্রিম এর গুণগত মান সঠিক আছে কিনা তা আশা করছি নিশ্চিত করবেন।’

উল্লেখ্য, বর্তমানে বুবলী ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতেও তিনি শাকিব খানের বিপরীতে কাজ করছেন। উৎস: বাংলারিপোর্ট।

ad

পাঠকের মতামত