প্রধানমন্ত্রী আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন: নুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। ডাকসু ও হল সংসদের নির্বাচিত ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গেলেও অন্য সংগঠন থেকে নির্বাচিত প্রতিনিধিরা গেছেন ভাড়া করা গাড়িতে।আলাদা গাড়িতে যাওয়ার বিষয়ে নুর দুপুরে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গাড়ি পাঠানো হয়েছে, তাতে গণভবন যাবো। কিন্তু গাড়িতে জায়গা না হওয়ায় নুর তাৎক্ষণিক উবার ডেকে গেছেন। গণভবন থেকে বেরিয়ে তিনি এ তথ্য জানান।এর আগে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী গণভবনে প্রবেশ করেন। এরপর অন্য সদস্যরা গণভবনে প্রবেশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। ছাত্রলীগের নেতারা ফটো সেশন করেন এবং আনন্দ-উল্লাস করেন। তারা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসারদের জন্য বরাদ্দ করা বাসে ওঠেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিজয়ীরা। নেতৃত্বে ছিলেন ডাকসুর জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার পাশে বসেছিলেন ডাকসুর পরাজিত ভিপিপ্রার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বিশ্ববিদ্যালয়ের লাল বাসে ওঠেন হল সংসদে নির্বাচিত ছাত্রলীগের নেতারা। কিন্তু এই বাসে নুর এবং আকতার ছিলেন না। শেষ মুহূর্তে নুরের যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলে নুর নিজেই তখন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। তাতেই তারা গণভবন যাবেন। গাড়িগুলো তখন ডাকসু কার্যালয়ের সামনে অপেক্ষমাণ ছিল। কিন্তু তাতে জায়গা না হওয়ায় নুর তখন উবার ডাকেন এবং শেষে তাতে চড়েই অন্যান্য গাড়ির সঙ্গে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন।
এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এবং ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খান সেই গ্রুপে লিখেন, ‘নুর গণভবনে গেছে উবারে। সাংবাদিক ভাইয়েরা না জেনে নিউজ করবেন না, প্লিজ। সকল নিউজ প্রত্যাহার করুন।’নুরুল হক নুর গণভবন থেকে বের হয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিলেন ঠিকই। কিন্তু তাতে জায়গা সংকুলন না হওয়ায় উবার ডেকে চলে আসছি।
সাংগঠনিক সিদ্ধান্ত থাকায় ছাত্রলীগের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বাসে ওঠেননি অন্য প্যানেল বা স্বতন্ত্রভাবে নির্বাচিত প্রতিনিধিরা। সদ্য নির্বাচিত ডাকসুর ভিপিসহ অন্য নির্বাচিত প্রতিনিধিরা গেছেন নিজেদের ভাড়া করা গাড়িতে করে। এ কথা নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। তিনি বলেন, গণভবন থেকে ডাকসুর নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছাত্রলীগ বাদে অন্য সংগঠনের নেতাদের জন্য আলাদা গাড়ি পাঠানোর কথা ছিল। কিন্তু কোনো কারণে সেই গাড়ি ক্যাম্পাসে নির্দিষ্ট সময়ের ভেতর এসে পৌঁছায়নি অথবা কোনো একটা ঝামেলা হয়েছে। তাই নুরসহ অন্য সব নির্বাচিত প্রতিনিধিরা ভাড়া করা উবারে করে ক্যাম্পাস থেকে গণভবনে গেছেন।
ছাত্রলীগ গেল ক্যাম্পাসের বাসে অথচ অন্যদের জন্য আলাদা ব্যবস্থা কেন-এমন প্রশ্নের জবাবে সংগঠনটির আহ্বায়ক বলেন, ‘আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল আমরা ছাত্রলীগ থেকে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে গণভবনে যাব না। সে কথা জানানো হলে গণভবন থেকে আমাদের জন্য গাড়ি পাঠানোর কথা ছিল। কিন্তু ঠিক সময়ে গাড়ি না আসায় ভাড়া করা গাড়িতে যেতে হয়।’




