ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী তুরস্ক ভ্রমণে গিয়েছিলেন
ডেস্ক রিপোর্ট।। নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত একজন সন্দেহভাজন তুরস্ক সফরে গিয়েছিলেন। এখন দেশটিতে তার চলাচল ও যোগাযোগের ওপর তদন্ত চলছে। শুক্রবার তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। তুরস্ক মনে করে, ওই হামলাকারী অন্যান্য দেশেও ভ্রমণে গিয়েছিলেন।
এদিকে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের শ্বেতাঙ্গ সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে ৪৯ জন মুসল্লি নিহত হওয়ার পর শান্তির দেশ ও আতিথেয়তার জন্য বিখ্যাত নিউজিল্যান্ডে ব্যাপক দুঃখ ও সমবেদনা জানানো হচ্ছে।
সাধারণত বিভিন্ন দেশে নিপীড়িত মানুষের আশ্রয় ও শরণার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে গর্ব করে আসছে দেশটি। অথচ সেখানেই এবার এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।-খবর এএফপির।
হামলার পরের দিনেও লোকজন দোকানপাট বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান করছেন। আল নুর মসজিদের কাছে একটি অস্থায়ী স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে নিহতদের শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয়রা। ফুলের সঙ্গে কেউ কেউ এ অবিশ্বাস্য ঘটনায় শোক জানিয়ে হাতে লেখা চিঠিও রেখে যাচ্ছেন। চুমুর ছবি সম্বলিত একটি চিঠিতে লেখা, আমি খুবই দুঃখিত যে তোমরা এখানেও নিরাপদ নও। তোমাদের হারিয়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।




