দেশে ফিরে গ্রামের বাড়ি যাওয়ার পথে সৌদিপ্রবাসীকে রহস্যজনক ভাবে হত্যা
নিউজ ডেস্ক।। সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামের বাড়ি যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে নিখোঁজ এক প্রবাসীর লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম তোফাজ্জল হোসেন বাবুল। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তিতা হাজরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, বাবুল রাতে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা স্ত্রী মুন্নি ও দুই মেয়েকে নিয়ে প্রাইভেট গাড়িতে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। আষাঢ়িয়ারচর সেতু এলাকায় গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে সেতুর নিচে গিয়ে নিখোঁজ হন তিনি।
স্ত্রী-সন্তান ও গাড়িচালক অনেক খোঁজাখুঁজি করে বাবুলকে না পেয়ে বাড়িতে চলে যান। গতকাল সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। এসআই আবুল কালাম আজাদ আরও জানান, নিহতের শার্টের পকেটে তার স্বর্ণালঙ্কার ও অন্যান্য যাবতীয় জিনিস পাওয়া গেছে। এ ছাড়া লাশের পেটের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে নিহতের স্ত্রী মুন্নিকে থানায় ডাকা হয়েছে বলে তিনি জানান।




