277885

ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান বিএনপির

নিউজিল্যান্ডের সরকারকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খোলোয়াড়রা জুম্মার নামাজ আদায়ের জন্য ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল মাঠের কাছের মসজিদে উপস্থিত হলে সেখানে প্রবেশের মুহুর্তে স্থানীয় একজনের কাছে তারা জানতে পারেন তখনই এই মসজিদে মুসলিদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌড়ে মাঠে ফেরৎ আসেন। এই ঘটনায় আমি উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি নিরাপদে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা গন্তব্যস্থলে ফেরৎ আসার জন্য। আমি আশা প্রকাশ করছি, নিউজিল্যান্ডের সরকার বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।

নিউজিল্যান্ডের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করছি।

ad

পাঠকের মতামত