277697

মসজিদে হামলা: নিরাপদে তামিম-মুশফিকরা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার এক মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে কয়েক ডজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিরাপদে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারা।মসজিদ আল নূরে হামলার সময় দেশটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বলে জানা গেছে। তবে, তারা সবাই ভাল ও নিরাপদে আছেন বলে জানা গেছে। টিম কোচের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে টিম বাসে করে হাগলি পার্কের নিকটবর্তী মসজিদ আল নূরে নামাজ পড়তে গিয়েছিলেন তামিম, মিরাজ, তাইজুল, মুশফিকরা। কিন্তু হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি।এ ঘটনার প্রেক্ষিতে সেখানে উপস্থিত থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল নিজের টুইটার একাউন্টে লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দলের ডাটা অ্যানালিস্ট শ্রিনিবাস তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘মাত্রই এক বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেলাম। এখনো শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না। ভয় কাজ করছে সর্বত্র।’মারি ভিল্লাভারায়েন বলেন, ‘আমি ঘটনার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দেখেনি তবে গুলির আওয়াজ শুনে হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে গেছে। কোচিং স্টাফের সবাই টিম হোটেলেই ছিলেন। খেলোয়াড়রা গোলাগুলির শব্দ শুনেই দৌড়ে নিরাপদ স্থানে গিয়েছেন।’

শনিবার থেকে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টেস্ট শুরু করতে যাচ্ছে। আর খেলাটি হবে ক্রাইস্টচার্চ এলাকার মাঠে। কিন্তু এই ভয়াবহ হামলার পর শেষ ম্যাচটি মাঠে গড়াবে কি-না সে ব্যাপারে এখনই কিছু জানাতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। সূত্র: রয়টার্স

ad

পাঠকের মতামত