ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঘাটুরায় তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাস ফিল্ডের ১ ও ২নং গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।ফলে জাতীয় গ্যাস গ্রিডে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।বাংলাদেশ গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা কনডেনসেড (অপরিশোধিত জ্বালানি তেল) থেকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটে।
ফ্লেয়ার লাইনের কয়েকশ গজের মধ্যেই তিতাস গ্যাসক্ষেত্রের ১ ও ২নং কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গ্যাসফিল্ডের নিজস্ব ইউনিট এবং ফোম ব্যবহার করাসহ ৩টি অগ্নিনির্বাপণ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে।তিনি আরও জানান, এই ঘটনায় গ্যাসফিল্ডের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে।




