আগামী সপ্তাহে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।আগামী সপ্তাহে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভাল। তাকে নরম খাবার খেতে দেয়া হচ্ছে।
বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তার পরিবারের সদস্যদের জানান।
এ সময় কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সূত্র: বাসস




