276333

যুক্তরাষ্ট্রের টিভিতে প্রথম হিজাব পরা নারী সাংবাদিক

নাম তার তাহেরা রাহমান। মার্কিন এই নাগরিকের স্বপ্ন ছিলো টিভি সাংবাদিক হওয়ার। কিন্তু তার হিজাব পরা নিয়ে বুলিংয়ের শিকার হয়েন বহুবার। শুধুমাত্র হিজাব পরার কারণে কোথাও চাকরি পাচ্ছিলেন না। অবশেষে তার স্বপ্ন সত্যি হলো।লোকাল ফোর নিউজ নামের এক মার্কিন চ্যানেল সম্প্রচারে আসার সুযোগ দেয় তাহেরাকে। তাহেরা হয়ে যান প্রথম মুসলিম নারী যাকে হিজাব পরে টেলিভিশন সম্প্রচারে আসতে নিয়োগ দেওয়া হয়।

এক সাক্ষাতকারে তাহেরা বলেন, টিভিতে আমি আমার মতো কাউকে দেখিনি। তাই আমি ভাবলাম এটা একটা সম্ভাবনা হতে পারে। তাহেরা জানান, তিনি সবসময় সুযোগ খুঁজতেন। ভাবতেন নিশ্চয়ই কেউ না কেউ তাকে সুযোগ দেবে।শিক্ষানবীশ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল শিকাগোর সিবিএস ইভিনিং ব্যুরোতে। সেখানে তাকে বলা হয়, যদি হিজাব পরা না ছাড়ে তাহলে সে ক্যারিয়ারে উন্নতি করতে পারবে না। শিকাগোতে অনেক প্রত্যাখানের পরও তাহেরার মা তাকে ধৈর্য্য ধরতে বলেন।

এরপর তিনি স্থানীয় টিভি চ্যানেল লোকাল ফোর নিউজে ক্যামেরার পেছনে কাজের চাকরি নেন। তবে রিপোর্টার হিসেবে কাজ করার সুযোগ খুঁজতে থাকেন। প্রায় ২ বছর পর সম্প্রতি তিনি একই চ্যানেলে পদোন্নতি পেয়ে রিপোর্টার হিসেবে কাজের সুযোগ পান। লোকাল ফোর নিউজ কর্তৃপক্ষ জানায়, মার্কিন মূলধারার গণমাধ্যমে তাহেরাই প্রথম যিনি হিজাব পরে সম্প্রচারে আসেন।

তাহেরার প্রথম সম্প্রচারের দিন তার পুরো পরিবার টিভি স্টেশনে যায়। তাহেরার প্রথম সম্প্রচারের দৃশ্য দেখাই ছিল তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য। প্রথম দিন কমিউনিটি ক্লিনিক নিয়ে একটি প্রতিবেদন পাঠ করে। তাহেরার মা দুর্দানা রাহমান বলেন, সারাজীবন সে এটাই চেয়েছিল।

ad

পাঠকের মতামত