275869

বগুড়ায় শিক্ষার্থীদের মাথার চুল কেটে দিলেন শিক্ষক!

বগুড়ার শেরপুরের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান ফরহাদ হোসেন লাভলু শিক্ষার্থীদের মাথার চুল কেটে দিয়েছেন। এ ঘটনায় দুদিন ধরে ক্লাশ বর্জন করে বিচারের দাবিতে আন্দোলন করছে ওই শিক্ষার্থীরা।জানা গেছে, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল ছোট করে কেটে আসতে বলেন শিক্ষকরা। কয়েক দিন ধরে বলার পরও শিক্ষার্থী চুল কেটে আসেনি। এতে ক্ষিপ্ত হয়ে সহকারী লাইব্রেরিয়ান ফরহাদ হোসেন লাভলু রোববার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের পর প্রকাশ্য মাঠের মধ্যে দশম শ্রেণির নাসিম, কাউছার, জোবায়ের, মিজান, কামাল পাশা, শিপন, শাহাদৎ হোসেন, সাগর, সুজন, জাহিদ, প্রিয়সহ ২০ জন ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেন। এ ঘটনায় শিক্ষার্থীরা ওই সহকারী লাইব্রেরিয়ানের বিচার দাবি করে গত দুদিন ধরে ক্লাশ বর্জন করেছে।

এদিকে বিচার চাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে শিক্ষার্থী শিপনের মা বলেন, আমাদের না জানিয়ে কেন তারা আমার ছেলের চুল কেটে দিল। আমরা ওই শিক্ষকের বিচার চাই।এ প্রসঙ্গে সহকারী লাইব্রেরিয়ান ফরহাদ হোসেন লাভলু বলেন, ছাত্রদের বেশ কয়েকদিন ধরে চুল কেটে স্কুলে আসতে বলেছিলাম কিন্তু তারা চুল কেটে না আসায় তাদের মাথার চুল কেটে দিয়েছি।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আবদুল ওয়ারেজ বলেন, চুল কাটার বিষয় নিয়ে একটু উতপ্ত দেখা দিলে ওই শিক্ষার্থীদের শান্ত করেছি এবং মঙ্গলবার বিকালে অভিভাবকদের ডাকা হয়েছে।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজমুল হক বলেন, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত