ডাকসু নির্বাচন: ১৭ হলে চলছে শান্তিপূর্ণ ভোট, একটিতে স্থগিত
নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ১৭টি হলে শান্তিপূর্ণভাবে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে দুপুর ২ টা পর্যন্ত। প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। এদিকে অনিয়মের প্রমাণ পাওয়ায় কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় হল প্রাধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল থেকে ভোটাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। একজন শিক্ষার্থী ডাকসুতে ২৫ পদ ও হল সংসদে ১৩ টি পদের জন্য ভোট দিচ্ছেন। ডাকসুতে লড়ছেন ২২৯ জন প্রার্থী। ১৮ টি হলের ১৩ টি করে পদের জন্য লড়ছেন ৫০৯ জন। চূড়ান্ত তালিকায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন, তাদের সঙ্গে ১৪ জন লড়ছেন জিএস পদে এবং ১৩ জন এজিএস পদে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন।
নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন। ভোটগ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নির্বাচিতরা কাজ করবে বলে প্রত্যাশা ভোটারদের। উৎস: সময়টিভি।




