275505

শিক্ষার্থীদের ব্যালট বাক্স দেখিয়ে ভিডিও, পরে ভোট

নিউজ ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সব প্রার্থীর সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রভোস্ট শফিউল আলম ভূঁইয়া। বিজয় একাত্তর হলের প্রভোস্ট জানান, ‌‘হলের সকল প্রার্থীর সামনে ব্যালট বাক্সগুলো খুলে সেগুলো সবাইকে দেখিয়ে এবং ভিডিও করে রেখে তারপর প্রার্থীদের সামনেই ব্যালট বাক্সগুলো সিলগালা করে ভোটগ্রহণ শুরু হয়েছে। ’

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমনটি করা হয়েছে বলে জানান শফিউল আলম ভূঁইয়া। একই তথ্য জানিয়েছেন রোকেয়া হলের প্রভোস্টও। তিনি জানান, নারী শিক্ষার্থীদের এই হলে সবচেয়ে বেশি ভোটার রয়েছে। তাই বুথের সংখ্যা ৫০টি। সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। এবারের নির্বাচনে একেক জন ভোটারকে দিতে হবে ৩৮টি ভোট।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়বেন ২২৯ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন।

এ ছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন ও সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে ১৩টি সদস্য পদের বিপরীতে লড়বেন ৮৬ প্রার্থী। উৎস : দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত