275169

মোনালিসার লুকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী

বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’৷ প্রায় পাঁচশত বছর আগে ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এ ছবির আবেদন কমেনি একচুলও। রহস্যে ভরা মুখের রহস্যময় হাসি সবসময়ই আলোচনার খোরাক।বিভিন্ন সময় বিভিন্ন মডেল ও অভিনেত্রীদের দেখা গেছে মোনালিসার সাজে তার লুকে হাজির হতে। এবার সেই বেশে হাজির হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। গেলো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে মোনালিসা হয়ে ধরা দিলেন তিনি।

আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখে আরটিভি প্রতিবছরই আয়োজন করে জয়া আলোকিত নারী অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও রাজধানীর সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল এটি। আর এই অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে ৮ জন নারী বিভিন্ন লুকে হাজির হয়ে র‍্যাম্পে হাঁটেন। সেই আটজনের একজন হলেন ঐশী। আর তিনিই হাজির হয়েছেন ৫০০ বছর আগে সৃষ্টি হওয়া মোনালিসার চিত্রকল্পে। পুরো অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেছেন র‍্যাম্প মডেল বুলবুল টুম্পা। আর কস্টিউম ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার ফারদিন বায়েজিদ।

বুলবুল টুম্পা জানান, নারী দিবসকে মাথায় রেখে আরটিভি প্রতিবছরই আয়োজন করে জয়া আলোকিত নারী অনুষ্ঠানটির। তারাই আমাকে এ রকম প্ল্যান দেয় কাজ করার জন্য। মোনালিসার এই চিত্রকল্পের সঙ্গে যায় এমন একটা নামই আমার মাথায় আসল প্রথমে, আর সেটা ঐশী। তাকে দেখতে অনেকটা মোনালিসার মতই মনে হয় আমার। আর সেজন্যই তাকে সিলেক্ট করি। সে খুব সুন্দরভাবে সেটি ফুটিয়ে তুলেছে।মোনালিসার অভিব্যক্তি, মুখে রহস্যমাখা হাসি পৃথিবীর অসংখ্য মানুষকে অভিভূত করে রেখেছে৷ আজকাল রহস্যময় কিছুকে মোনালিসার হাসির সঙ্গে তুলনা করা হয়৷ এমন বিশ্ব বিখ্যাত চিত্রকল্পের লুকে হাজির হতে পেরে বেশ উচ্ছ্বসিত ঐশী।

ঐশী বলেন, এই কাজটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ মোনালিসার এই চিত্রটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত। সেই রহস্যময়ী হাসির অধিকারিনী নারীর চরিত্র ধারণ করা আমার জন্য সত্যি-ই খুব কঠিন ছিল। ছোট বেলা থেকে অনেকে দুষ্টুমি করে আমাকে মোনালিসা বলে ডাকতো। বড় হয়ে একদিন এই ক্যারেক্টার প্লে করব কে জানতো? আর সবাই দেখে খুশি হয়েছে ও প্রশংসা করছে। এটাই আমার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বিশ্ব বিখ্যাত এই রমণীর লুকে আমাকে নেওয়ার পুরো প্ল্যানিং টা মূলত বুলবুল টুম্পা খালামনির। তার মনে হয়েছে এই লুক টা আমার সাথে ভালো যাবে। আর তার সাথে কস্টিউম ডিজাইনার ফারদিন বায়েজিদ ভাইয়াও আমার নাম শোনার পর থেকে বেশ এক্সাইটেড ছিল। কারণ দেশে ফেরার পর এটাই আমার প্রথম প্রফেশনালি র‍্যাম্পে হাঁটা আর তাও আবার এরকম একটা লুকে। আমি খুব খুশি এ রকম একটা কাজ করতে পেরে। উল্লেখ্য, দেশে ফিরে বর্তমানে বেশ ব্যস্ত রয়েছেন ঐশী। এরই মধ্যে কাজ করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। এছাড়াও খুব শিগগিরই তাকে দেখা যাবে চলচ্চিত্রেও।

ad

পাঠকের মতামত