জাপানে তিমির সাথে ফেরির সংঘর্ষ, ৮০ যাত্রী আহত
ডেস্ক রিপোর্ট।। জাপান সাগরে তিমির সাথে ধাক্কা খেয়েছে একটি যাত্রীবাহী ফেরি, প্রচ- ঝাঁকুনিতে ছিটকে পড়ে আহত হয়েছেন ৮০ জন। তাদের মধ্যে ১৩ জনের আঘাত গুরুতর। বিবিসি।
দ্রুতগামী হাইড্রোফয়েল জাহাজটি জাপানের সাদো আইল্যান্ড থেকে পোর্ট অব নিগিতা যাচ্ছিলো। যাত্রী ছিলো ১২১ জন আর ক্রু ৪। আচমকা সংঘর্ষে চেয়ার থেকে ছিটকে পড়েন যাত্রীরা। বেশিরভাগই সামনের সিটের সাথে ধাক্কা খেয়ে আহত হন। এই সংঘর্ষে জাহাজের তলদেশে ৬ ইঞ্চির একটি ফাটল সৃষ্টি হয়। বিকল হয়ে যায় একটি হাইড্রোফয়েল উইং। বেশ বিপদজনক অবস্থায় পড়লেও এক ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছায় ফেরিটি।
জাপানি গণমাধ্যম এনএইচকে একজন মেরিন বায়োলজিস্টের বরাত দিয়ে জানায়, শিপে সংঘর্ষের চিহ্ন দেখেই তারা নিশ্চিত হয়েছেন, তিমির সাথেই জাহাজটি ধাক্কা খেয়েছিলো। জাপান সাগরের ওই অঞ্চলটি মিঙ্ক ও হ্যাম্পব্যাক তিমিদের যাতায়তের একটি রুট।




