274250

সেই আইএস বধূ শামিমার ছেলে ‘মারা গেছে’

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাজ্য থেকে পালিয়ে গিয়ে কথিত ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়া তরুণী শামিমা বেগমের সদ্যজাত ছেলে ‘মারা গেছে’ বলে জানিয়েছে তার পারিবারিক আইনজীবী। শামিমার পারিবারিক আইনজীবী তাসনিম আকুঞ্জির উদ্ধৃতি দিয়ে শুক্রবার এই খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আকুঞ্জি বিবিসিকে জানান, প্রায় দুই সপ্তাহ বয়সী শিশুটি মারা গেছে বলে ‘জোরালো কিন্তু অসমর্থিত’ খবর পেয়েছেন তিনি। শামিমা ২০১৫ সালে লন্ডন ত্যাগ করেন। এবছর ফেব্রুয়ারির মাঝামাঝি মাসে খবর পাওয়া যায় তিনি সিরিয়ার একটি শরণার্থী শিবিরে রয়েছেন। এর অল্প কয়েকদিন পরেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। তিনি ব্রিটেনে ফিরে যাওয়ার চেষ্টা করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়। বৃহস্পতিবার আকুঞ্জি এক টুইটে বলেন, নবজাতক ছেলেটি ব্রিটিশ নাগরিক ছিল।

পিতামাতার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার আগে জন্ম নেয়া সন্তানদেরও ব্রিটেনের নাগরিক বলে বিবেচনা করা হয় বলে জানায় বিবিসি। ২০১৫ সালে ব্রিটেন ত্যাগ করার সময় শামিমা একজন স্কুলছাত্রী ছিলেন।  উত্তর সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে খুঁজে পান একজন সাংবাদিক। আইএসের শেষ শক্ত ঘাঁটি বাঘুজ ত্যাগ করে শামিমা ওইখানে গিয়েছিলেন বলে খবর পাওয়া যায়।

শামিমার ছেলে জারা জন্ম নেয়ার পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় চলে যাওয়ায় তিনি অনুতপ্ত নন। তবে আইএস যা যা করেছে তার সবগুলোর সঙ্গে তিনি একমত নন বলেও জানান সাক্ষাৎকারে। শামিমা আরও বলেন, তিনি কখনও আইএসের ‘পোস্টার গার্ল’ বা প্রতিনিধি হতে চাননি এবং তিনি তার ছেলেকে নিরিবিলি ব্রিটেনে বড় করে তুলতে চান।

ad

পাঠকের মতামত