চট্টগ্রামের কিংবদন্তী মহিউদ্দিনকে অনুসরণ করুন, আতিকুলকে প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুলকে চট্টগ্রামের কিংবদন্তী সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রয়াত মহিউদ্দিনকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং উত্তর ও দক্ষিণের নব নির্বাচিত কাউন্সিলররা শপথ নেন।
প্রধানমন্ত্রী বলেন, মহিউদ্দিন চৌধুরীর মতো সিটি করপোরেশন পরিচালনা করুন। নিজেদের উপার্জন সক্ষমতা বাড়িয়ে নিজস্ব তহবিলে উন্নয়ন কর্মপরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, কেবল একটি মাত্র সিটি করপোরেশন তারা নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়িয়েছিল। যখন মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি খুব দক্ষতার সাথে সেটা পরিচালনা করেছিলেন এবং সম্পূর্ণ নিজের উপার্জনে তার চলার মতো দক্ষতা অর্জন করেছিলেন। এখন যত প্রজেক্ট আসছে, আমরা করে দিচ্ছি কিন্তু সব সময় সরকার করবে না। স্থানীয় সরকার নিজেদেরই করতে হবে। সেটাই আমার অনুরোধ থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, উত্তর ও এবং দক্ষিণ সিটি করপোরেশনে বিভক্তি করেছি। এতে অনেকেই আপত্তি করেছিলেন কিন্তু আমি মনে করি, এখন যতই দিন যাচ্ছে, যত মানুষ সুবিধা ভোগ করতে পারবে, তখন এর সুফলও বুঝতে পারবে। এটা পৃথিবীর সকল মেগা সিটিতেই করা হয়। এছাড়াও, আরও দুটি বিভাগ করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্যটা হলো জনসেবাটা যেন জনগণের দোঁরগোড়ায় দ্রুত পৌঁছায়। মানুষ যেন একটা জায়গায় গিয়ে তার সমস্যার কথা বলতে পারে এবং সমাধানের পথ পায়। আর উন্নয়নটা যেন আরও ত্বরান্বিত হয় এবং সুষম হয়। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছি। কারণ আমাদের প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে জনগণের জন্য, প্রতিটি পদক্ষেপ হচ্ছে মানুষের কল্যাণে। আমাদের প্রতিটি পদক্ষেপ হচ্ছে দেশের উন্নয়নে।




