273095

চেয়ারম্যান প্রার্থীকে জেতাতে ৬ লাখ টাকা চাইলেন শিক্ষকরা

রাজশাহীর গোদাগাড়ীতে নৌকা প্রতীকের প্রার্থীকে জেতাতে সংসদ সদস্যর কাছে ৫ লাখ টাক চাইলেন নির্বাচনে প্রিজাইডিং অঅফিসার হিসেবে কাজ করা শিক্ষকরা। বুধবার দুপুরে উপজেলার কলেজ শিক্ষক-কর্মচারীদের বার্ষিক সভা ও মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় শিক্ষকদের সঙ্গে দর-কষাকষিতে জড়ান এমপি ওমর ফারুক চৌধুরী।

রাজশাহী নগরীর পদ্মাপাড়ে বিজিবি পরিচালিত পার্ক সীমান্ত নোঙরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোদাগাড়ী উপজেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির এই আয়োজনে অংশ নেন প্রায় ৮০০ মানুষ। এদের মধ্যে ৩২০ জন উপজেলার ১৪টি কলেজর শিক্ষক। আগামী ১০ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে এদের অধিকাংশই প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে এমপি ফারুক চৌধুরী বলেন, আপনাদের কিন্তু একটা জিনিস জানা দরকার। এই পিকনিক আপনারা যে টাকা সমিতিতে জমা দেন সেই টাকায় হয় না, আউট সাইড থেকে হয়। আপনারা শিক্ষকরা এই আমাদের মতো, মজিদ মেয়রদের মতো, রশিদ সাহেবদের মতো লোকদের ঘাড় মটকে খেয়ে নেন ।

এ সময় সংগঠনের তহবিলে টাকা দেয়ার জন্য এমপির কাছে দাবি জানান শিক্ষকরা। এমপি প্রশ্ন করেন, এক লাখ টাকা? একজন শিক্ষক বলেন, গতবার তিন লাখ টাকা দিতে চেয়ে এমপি ভুলে গেছেন। প্রতি উত্তরে এমপি বলেন, নির্বাচনের কারণে সেটা পরিনি। বকেয়া তিন লাখ এবার পরিশোধ করে দিব। তখন শিক্ষকরা তাদের তহবিলে এমপির কাছে ছয় লাখ টাকা দাবি করেন।

এ সময় এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যানকে (প্রার্থীকে) জিতিয়ে দিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে নিব, আপনি শুধু ঘোষণা দিয়ে দেন। কি আপনারা পারবেন? তখন শিক্ষকরা একটু করতালি দেন।

এর আগে বক্তব্য দেন কাঁকনহাট পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ। তিনিও নৌকা প্রতীকের প্রার্থীকে জেতাতে শিক্ষকদের কাজ করার আহ্বান জানান। উপজেলার চব্বিশনগর স্কুল অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্বে রয়েছেন মেয়র মজিদ। সমিতির সভাপতি ও উপজেলার গুলগফুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন এমপিপত্নী নিগার সুলতানা চৌধুরী পারুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ।

আসন্ন এই নির্বাচনে উপজেলায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি এই অনুষ্ঠানে অংশ নেননি। কিন্তু অনুষ্ঠান স্থলে তার পোস্টার সম্বলিত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস দেখা যায়।

এ বিষয়ে এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে গোদাগাড়ী উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচনে এসব কলেজ শিক্ষকরা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সমিতির অধীনে কতজন ভোটগ্রহণ কর্মকর্তা আছেন সেটি খতিয়ে দেখা হবে।

ad

পাঠকের মতামত