কাদেরের চিকিৎসার সঙ্গে খালেদার তুলনা, যা বললেন হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা দুঃখজনক ও লজ্জাজনক।বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, তার সাথে দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার তুলনা করা ঠিক হবে না। তাছাড়া ওবায়দুল কাদেরকে প্রথমদিকে দেশেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যখন তার অবস্থা সংকটাপন্নের দিকে গিয়েছে, তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে।
ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে হানিফ বলেন, সব দিক থেকেই তিনি ভালো আছেন। তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। দুই-এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। আমাদের দেশের কার্ডিওলজি ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি আগে থেকে অনেকটাই সুস্থ।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, তারা ক্ষমতায় থাকা অবস্থাতেও জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। জনগণ তাদের বিরুদ্ধে ছিল। এখন ক্ষমতায় না থাকা অবস্থায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেউলিয়া হয়ে গেছে। বিএনপির কর্মসূচি নিয়ে জনগণ এখন আর ভাবছে না। তারা সন্ত্রাসী দুর্নীতিবাজ, দেউলিয়া দল।মানববন্ধনসহ এ ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে এতে করে কোন ফলপ্রসূ ফলাফল আসবে না।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও উপ-দপ্তর সম্পাদক সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। সূত্র: বাংলাদেশ জার্নাল




