ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় ফোন নম্বর দেননি তো!
এবার ফেইসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচার নিয়ে। প্রসঙ্গত, দ্বিস্তরের নিরাপত্তা পেতে অনেক ব্যবহারকারীই ইউজার নেম ও পাসওয়ার্ড’র পাশপাশি তাদের ফোন নম্বর অ্যাকাউন্টে যুক্ত করে থাকেন। এ নিরাপত্তা ফিচারের নাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এ ক্ষেত্রে লগইনের সময় প্রতিবার মোবাইলে কোড নম্বর পাঠানো হয়ে থাকে। যারা এ প্রক্রিয়ায় অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতেন এবার খারাপ খবর তাদের জন্য। নিরাপত্তা নিশ্চিতের জন্য দেওয়া সেই মোবাইল নম্বর ধরেই পাওয়া যাচ্ছে প্রোফাইলের খোঁজ।
বিষয়টি সর্বপ্রথম সামনে এনেছেন ইমোজিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি বার্গ। তিনি এক টুইট পোস্টে বলেছেন, বছর খানেক ধরেই ফেইসবুকের দাবি টুফ্যাক্টর অথেন্টিকেশনে নম্বর চাওয়া হয় শুধু নিরাপত্তার জন্য। কিন্তু ফোন নম্বর দিয়ে ব্যবহারকারীদের প্রোফাইল পাওয়া যাচ্ছে এবং এটার সেটিংস বদল করার কোনো অপশন নেই।
ফেইসবুকে বর্তমানে ফোন নম্বর দিয়ে প্রোফাইল খুঁজে পেতে পারেন এভরিওয়ান, ফ্রেন্ডস ও ফ্রেন্ডস অব ফ্রেন্ডস। এখানে নো ওয়ান বলে কোনো অপশনই রাখা হয়নি।যদি কেউ ফেইসবুকে ফোন নম্বর সেইভ করে রাখে তাহলে তাদের সাজেস্টেড ফ্রেন্ডের তালিকায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচারের জন্য ফোন নম্বর দেওয়া আরেক ব্যক্তির নাম দেখা যাবে।এই সমস্যা এড়াতে শুধু বন্ধুদের জন্য ফোন নম্বর উন্মুক্ত রাখার সুযোগ আছে। তবে বাই ডিফল্ট সেটিং হিসেবে ‘এভরিওয়ান’ অপশনটি দিয়েছে ফেইসবুক।
শুধু তাই নয়, ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের কাছেও চলে যাচ্ছে এই নম্বর। ফোন নম্বর লুকিয়ে রাখার কোনো অপশন না থাকায় শুধু বন্ধুদের জন্য নম্বরটি উন্মুক্ত রাখাই বুদ্ধিমানের কাজ। এর আগে অ্যাড টার্গেটিংয়ের জন্য ফেইসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য দেওয়া নম্বর ব্যবহার করেছিলো।




