271706

যেখানে পারেনি ভারত-পাকিস্তান, পেরেছে শুধু বাংলাদেশ

গতকাল রোববার মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে চীনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।তবে এ পরাজয় মারিয়াদের মুখের হাসি কেড়ে নিতে পারেনি। এর আগে ফিলিপাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেলেছে ফুটবলের নারী দল।মিশন সফল হওয়ায় বেশ নির্ভার মারিয়া-মান্ডারা। এশিয়ার সেরা আট দেশ নিয়ে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব।

আর এবার দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দেশ বাংলাদেশ-ই সেই পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।অন্যদিকে এবার বাছাই পর্বের প্রথম ধাপই পেরোতে পারেনি দক্ষিণ এশিয়ার অন্য চার দেশ- ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তান।সেই পরিপ্রেক্ষিতে চীনের সঙ্গে ৩-০ তে হারলেও উচ্ছ্বসিত বাংলাদেশের বাঘিনীরা।গত বছর সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রথম পর্বে বাহরাইন, লেবানন, আরব আমিরাত ও ভিয়েতনামের সঙ্গে বাছাই পর্বের ‘এফ’ গ্রুপে ছিল বাংলাদেশ।

যেখানে চার ম্যাচে ২৭ গোল করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছিলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।তবে বিপরীত চিত্র দেখা গেছে দক্ষিণ এশিয়ার অন্য চার দলের ক্ষেত্রে।একই রাউন্ডে থেকে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত বাছাই পর্বে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হার নিয়ে গ্রুপ রানার্সআপ হয় ভারত।রানার্সআপ হলেও দ্বিতীয় পর্বে খেলার সুযোগ ছিল। তবে সেরা রানার্সআপ না হতে পেরে সেই সুযোগ হাতছাড়া হয় দলটির।

এদিকে একই গ্রুপের দল পাকিস্তান চার ম্যাচে কোনো গোল না করে ২০ গোল হজম করে গ্রুপের তলানিতে থেকে বাছাই পর্ব থেকে বিদায় নেয়।গ্রুপ ‘এ’ তে শ্রীলংকা চীন, জর্ডান, উজবেকিস্তান ও গুয়ামের সঙ্গে খেলা চার ম্যাচে ২ গোল করে ৩২ গোল হজম করে গ্রুপের তলানিতে থেকে বাছাই পর্ব থেকে বিদায় নেয়।গ্রুপ ‘ই’ তে থাকা নেপাল মালয়েশিয়ার সঙ্গে ড্র ছাড়া আর নিজেদের মেলে ধরতে পারেনি। মিয়ানমার ও ফিলিপাইনের কাছে হেরে যায় তারা।

ad

পাঠকের মতামত