জইশপ্রধান আজহার এখনও বেঁচে আছেন
ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার মারা যাননি বলে দাবি করেছে পাকিস্তান সংবাদমাধ্যম। যদিও এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তেমন কিছুই বলা হয়নি। খবর জি নিউজের। পাকিস্তানের জিও টিভি উর্দুর খবরে বলা হয়, মাসুদ আজহারের মৃত্যুর খবর মিথ্যা। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, এখনও বেঁচে রয়েছেন আজহার। এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কেউ কোনো মুখ খোলেননি। তবে সে দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে রোববার এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি এ নিয়ে কিছুই জানি না।’
এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার কিডনি বিকল হওয়ার রোগে ভুগছেন। রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি বলেছিলেন, মাসুদ আজহারি ভালো নেই। এর পরেই ভারতীয় কর্মকর্তারা এমন খবর দিয়েছেন।
ভারতের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সম্প্রতি প্রতিবেদন থেকে জানা গেছে, মাসুদ আজহার কিডনি বিকল হওয়ার রোগে ভুগছেন। তাকে নিয়মিত হাসপাতালে ডায়ালাইসিস করতে হচ্ছে। এর আগে কোরাইশি বলেন, আমার জানা মতে, জইশপ্রধান পাকিস্তানে রয়েছেন। তার অসুস্থতা এমন পর্যায়ে চলে গেছে যে, তিনি বাড়ি থেকে বের হতে পারেন না। কারণ তিনি সত্যিকার অর্থে অসুস্থ।
ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুদ আজহার। ব্রিটেনের মসজিদগুলোতে ধর্মীয় আলোচনায় জিহাদি ভাষ্য নিয়ে এসেছিলেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হয়েছিলেন। জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে।




