ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে তারকাদের পোস্ট
বিনোদন ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে তার অবস্থা নিয়ে কিছু বলাও যাবে না বলে জানিয়েছেন ‘বিএসএমএমইউ’-এর দায়িত্বরত চিকিৎসকেরা। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমকে জানান বিএসএমএমইউ’র চিকিৎসকেরা।
এদিকে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন তারকারা। অভিনেত্রী তারিন জাহান তার একটি পোস্টে লিখেন, ‘ওবায়দুল কাদের একজন ভালো মানুষ। একজন নিবেদিত ও অসাধারণ নেতা। স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ স্যারকে দীর্ঘ হায়াত দিন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। সবাই তার জন্য দোয়া করুন।’
গণমাধ্যম কর্মী জ.ই. মামুনের একটি পোস্ট শেয়ার দেন টেলিভিশন ব্যক্তিত্ব ফারহানা নিশো। নিশোর শেয়ার করা ওই পোস্টে লেখা, ‘ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ, তার সুস্থতা কামনা করছি। এটা নিয়েও যারা ঠাট্টা মশকরা করছেন, তারা মানুষের পর্যায়ে পড়ে না!’
অভিনেতা সায়মন সাদিক তার একটি পোস্টে লিখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন নেতা। আল্লাহ আপনার সহায় হোন। সবাই দোয়া করবেন, উনার হার্ট এ তিনটি ব্লক ধরা পড়েছে।’
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ‘সিসিইউ’তে ভর্তি আছেন। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক পাওয়া গেছে। ‘বিএসএমএমইউ’তে প্রাথমিক স্ট্যান্টিং করানো হয়েছে। তবে মূল সমস্যা সমাধানে বাইপাস সার্জারি করতে হবে। শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক, জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি।’
অভিনেতা আজিজুল হাকিমের নির্মাতা স্ত্রী জিনাত হাকিম লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি পরমকরুনাময় আল্লাহর নিকট প্রার্থনা, আল্লাহ আপনার সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।’ উৎস: প্রিয়.কম




