269046

স্বর্ণখনিতে ভূমিধসে ইন্দোনেশিয়ায় চাপা পড়েছে ৬০ কর্মী

ডেস্ক রিপোর্ট।। ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে ৬০ কর্মী চাপা পড়ে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জীবিত ব্যক্তিদের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন। এখন পর্যন্ত একজনের মৃতদেহ ও ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বলছে, সুলাবেসি দ্বীপে অবৈধ ওই স্বর্ণখনিতে অনেক মানুষ কাজ করছিলেন। হঠাৎ করে খনির বিম ও ভূমিধস ঠেকানোর বোর্ড ধসে পড়ে। রাতভর তাদের উদ্ধারে কাজ চালানো হচ্ছে। এখনও অনেকে আটকা পড়ে আছেন। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়াও নুগরোহো।

ইন্দোনেশিয়ায় বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিচিত দৃশ্য। এর আগে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পূর্বাভাস দিয়েছিল, দেশটির ২৫ কোটি জনসংখ্যার অর্ধেকই যেসব অঞ্চলে বাস করে, তা ভূমিধসের ঝুঁকির মধ্যে রয়েছে। ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো দুর্যোগের মুখে পড়ে।

ad

পাঠকের মতামত