সিমলার আগে মেঘলার সঙ্গে পলাশের বিয়ে, রয়েছে সন্তানও
বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদকে শনাক্ত করেছে তার পরিবার। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশ উচ্ছৃঙ্খল ছিলো বলে জানিয়েছে তার বাবা।তিনি জানান, এক বছর আগে চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করে পলাশ। তবে সিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন। এর আগে মেঘলা নামে একজনকে তিনি বিয়ে করেছিলেন এবং তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২০১৪ সালে বগুড়া সদর উপজেলার সাতমাথা ভাইপাগলা মাজার এলাকার মেঘলা নামে এক তরুণীকে বিয়ে করেন পলাশ। তাদের সংসারে চারবছর বয়সী আয়ান নামে একটি সন্তান রয়েছে। মেঘলা বগুড়ার স্থানীয় নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপালের মেয়ে। পলাশের উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে প্রায় দেড় বছর আগে তাকে তালাক দিয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি বগুড়া চলে যান মেঘলা।
নিহত পলাশ আহমদের বাবা পিয়ার জাহান বলেন, কলেজে ভর্তি হওয়ার পর থেকে কথা শুনতো না, একাই বিয়ে করেছিল। টাকা পয়সা নষ্ট করতো দেখে আমি বাড়ি থেকে বের করে দেই।নারায়ণগঞ্জের মুদি দোকানদার পিয়ার জাহান সরদারের চার সন্তানের মধ্যে পলাশ আহমদ দ্বিতীয়। পিয়ার জাহান-রেনু দম্পতির একমাত্র ছেলে পলাশ এবং বাকি ৩ জন মেয়ে। সূত্র: সময় টিভি




