268180

প্রযোজক থেকে বিমান ছিনতাইকারী

বিনোদন প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত হয় মাহাদী ওরফে পলাশ। চিত্রনায়িকা প্রেমিকার কারণেই নাকি সেই বিমান ছিনতাই এমন খবর এখন চারপাশে ঘুরপাক খাচ্ছে।গত বছর শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সিমলাকে বিয়ে করেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরিজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পলাশ। নারায়ণগঞ্জে বাড়ি হলেও জানা গেছে তিনি পেশায় ব্যবসায়ী। পলাশ থাকেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। তবে বাংলাদেশের শোভিজ অঙ্গনের সাথে ছিলো তার বেশ সম্পৃক্ততা।

মাহাদী ওরফে পলাশ নাম হলেও তার ফেসবুকে নাম মাহিবি জাহান। অনুসন্ধানে জানা গেছে, মাহিবি জাহান মিডিয়ার সঙ্গে জড়িত ছিলেন। প্রথম তিনি ‘কবর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেন। শুধু তাই নয়, তিনি এতে অভিনয়ও করেন। আর তার সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন রাশিদ পলাশ।

নির্মাতা রাশিদ পলাশ জানান, ‘মাহিবি জাহান আমার কাছে প্রথমে একটি মিউজিক ভিডিও করার জন্য আসেন। তখন তাকে বললাম, আমি মিউজিক ভিডিও করিনা। এই মুহূর্তে আমি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করছি; চাইলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করতে পারেন। তারপর থেকে সে আমার কাছে প্রায়ই আসত। তার সঙ্গে কথা বলে মনে হয়েছে সে প্রচুর মিথ্যা কথা বলে। চাপাবাজি করতেন। আমি সব বুঝতে পারতাম বলে তার সম্পর্কে সেভাবে আগ্রহ দেখাইনি।’

তিনি আরো বলেন, ‘মাহিবি জাহান ছিলেন সাইকো। নিজেকে এবং নিজের বাবা-মাকে নিয়ে প্রচুর মিথ্যা বলতেন তিনি। তার বাবা নাকি দেশের বাইরে বড় ব্যবসা করেন। প্রচুর টাকা পয়সা আছে। ’সিমলার প্রসঙ্গ টেনে এই নির্মাতা বলেন, ‘তখন পলাশের আমি দূরত্ব বজায় রাখলেও সিমলা খুব গুরুত্ব দিতো ওকে। সিমলা তখন আমার একটি ছবিতে অভিনয় করছিলেন।আমার সিনেমাতে অভিনয়ের সময় শুনেছিলাম যে, সিমলা বিয়ে করেছেন। যেহেতু তিনি আমার ছবিতে কাজ করছেন, অনেকে এসে আমাকে জিজ্ঞেস করতেন বিষয়টা। আমি সিমলার কাছে ওভাবে শুনতে চাইতাম না। এটা তার ব্যক্তিগত বিষয় ছিল।’

এদিকে সিমলার ভাই আসাদুজ্জামান ভূট্টো বলেন, ‘পলাশের সাথে গত বছর বিয়ে হয়েছিলো সিমলার। কিন্তু পলাশের বেপরোয়া জীবন জাপন দেখে সাড়ে তিন মাস আগে পলাশকে ডিভোর্স দেন সিমলা।’উল্লেখ, গত রোববার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটে উঠে পড়েছিলেন ওই যুবক। তিনি পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। পরবর্তীতে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি ঘিরে ফেলে। এর কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর কমান্ডো অভিযানে মাহিবি ওরফে মাহমুদ পলাশ নিহত হন।

ad

পাঠকের মতামত