শেষ বলের নাটকে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। আইপিএল এবং বিশ্বকাপের আগে ভারতের জন্য এটাই নিজেদের পরখ করে নেয়ার শেষ সুযোগ। টি-টোয়েন্টি দিয়েই ভারত সফর শুরু করেছে অস্ট্রেলিয়ানরা এবং শুরুতেই দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।বিশাখাপত্নমে বল হাতে প্রথমে কোল্টার-নাইল এবং পরে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা। যদিও লো-স্কোরিং ম্যাচ শেষ পর্যন্ত শেষ বলের নাটক পর্যন্ত গড়ায়।
বর্তমান ফর্ম ও হোম কন্ডিশন বিবেচনায় এ সিরিজে ফেভারিট ছিল ভারতই। তার ওপর স্বাগতিকদের দলটিও পূর্ণশক্তির। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজটা খেলেননি অধিনায়ক বিরাট কোহলি। ওই সিরিজে ছিলেন না পেস বোলার জসপ্রিত বুমরাহও। এ দুই তারকা ফেরায় ভারতীয় দল পুরো শক্তিশালী। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি।ভালো শুরু পরও অস্ট্রেলিয়ার বোলাদের সামনে শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ফলে ১২৭ রানের বেশি টার্গেটও দিতে পারেনি তারা।
তুলনামূলক সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেছিল অস্ট্রেলিয়াও। ৫ রানেই দুই উইকেট হারিয়েছিল তারা। প্রথম এক রান করে রানআউট হন মার্কাস স্টোইনস। তারপরই শূন্য রানে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।তবে ক্রিজে নেমেই পাল্টা আঘাত করেন ম্যাক্সওয়েল। অ্যালেক্স ক্যারেকে সঙ্গে নিয়ে দলকে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান এই মারকুটে ব্যাটসম্যান। ৪০ বলে হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর ৪৩ বলে ৫৬ রান করেন। ম্যাক্সওয়েল আউট হতেই আবার ধাক্কা। ২ উইকেটে ৮২ রান থেকে তিন অঙ্ক ছুঁতেই ফেরেন আরও চার ব্যাটসম্যান।
শেষ ওভারে অজিদের দরকার হয় ১৪ রানের। কষ্ট হলেও বাকি কাজটা শেষ করেন প্যাট কামিন্স ও জাই রিচার্ডসন। দুজনেই অপরাজিত থাকেন সমান ৭ রান করে। ভারতের হয়ে তিন উইকেট নেন বুমরাহ।




