267214

পাঠানপুত্র হলে এখনই প্রমাণ করুন: ইমরানকে মোদির চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইমরান খান যদি পাঠান হয়,তাহলে তা প্রমাণের এখনই উপযুক্ত সময়।পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদি বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, পারলে তাদের শাস্তি দিন।শনিবার রাজস্থানের টঙ্কে একটি সভায় ভাষণ দিতে গিয়ে গত বছর ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে শুভেচ্ছা জানানোর মুহূর্তটি স্মরণ করেন মোদি।

মোদি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে। পাকিস্তান একবারও যুদ্ধ করে কিছু পায়নি। প্রতিবার জিতেছে ভারত।আমি তাকে বলেছিলাম, আপনি দারিদ্র্য এবং অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করুন। তিনি আমাকে জবাবে বলেছিলেন, ‘মোদিজি, আমি পাঠানের ছেলে। আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি’। আজ তো সময় এসেছে, যে কথাগুলো তিনি বলেছিলেন, তা প্রমাণ করার। আমিও দেখব, তিনি এখন তার কথাগুলো রাখতে পারেন কি না।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান নিহত হয়। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত জঙ্গি হামলার ইস্যুতে পাকিস্তানের ওপর দায় চাপায়।যদিও এই হামলার দায় ইমরান খানসহ পাকিস্তান অস্বীকার করেছে। ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

ad

পাঠকের মতামত