রাহুলের বুকে বুক রেখে চমকে যান মোদি!
আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলে থাকলে সরকারের সব কিছুই যেন বাঁকা মনে হয়। সরকার দলের পান থেকে চুন খসে পড়ার সুযোগটুকোও দিতে চান না বিরোধীদলীয় লোকেরা। কঠোর সমালোচনা থেকে ছাড় পায় না ব্যক্তিজীবনও। এর ব্যতিক্রম হলো না ভারতেও। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাকিত্ব জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যাচেলর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সুযোগ বুঝে মোদির কলিজায় আঘাত করে বসলেন তিনি।
শনিবার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার বক্তব্যের বেশিরভাগটাই জুড়ে ছিল পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। এই প্রসঙ্গে নিজের বাবা রাজীব গান্ধী ও দাদি ইন্দিরা গান্ধীর মৃত্যু-প্রসঙ্গও টেনে আনেন রাহুল। তার পরিবারের দুজনকে সন্ত্রাসবাদী হামলায় হারানোয় এই শোকের গভীরতা মাপার ক্ষমতা তার রয়েছে বলে দাবি করেছেন তিনি।
লোকসভায় অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার জড়িয়ে ধরার বিষয়টিও এদিন সামনে আসে। সেই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘আমি যখন প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেছিলাম, উনি চমকে উঠেছিলেন। ঠিক কী হলো উনি বুঝতে পারছিলেন না। আমি তখন অনুভব করেছিলাম যে উনার জীবনে ভালোবাসার খুব অভাব।’
রাহুল আরও বলেন যে দেশের বেশিরভাগ সম্পদ কয়েকজন মাত্র ব্যক্তির কুক্ষিগত হয়ে রয়েছে। শিক্ষাখাতে আরও বেশি অর্থ বরাদ্দ করা প্রয়োজন বলেও দাবি করেন তিনি। দেশের চাকরির অভাব যে ক্রমশ প্রকট হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী।মোদি সরকার এই বিষয়টি মানতে চায় না বলেও অভিযোগ করেছেন তিনি। পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এদিন ২ মিনিট নীরবতা পালন করেন রাহুল এবং অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা।




