ইভটিজিংয়ের অভিনব সাজা
নিউজ ডেস্ক।। রূপগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে অভিনব সাজা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সামাজিক সংগঠন। ওই বখাটের কপালে মাটিজাত বস্তু (চারা) গুঁজে দিয়ে ঘণ্টাব্যাপী তাকে সূর্যের আলোর দিকে তাকিয়ে রাখা হয়। গত বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
জানা যায়, তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় অবস্থিত নোয়াপাড়া ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের আসা যাওয়ার পথে পার্শবর্তী কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডের বাসিন্দা কাজল দেওয়ানের বখাটে ছেলে মিলন দেওয়ানসহ তার বন্ধুরা উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনার জেরে বুধবার দুপুর ১২টার দিকে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির লোকজন ধাওয়া করে আটক করার পর মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হাজির করেন। পরে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্তৃপক্ষ ও মাদক নির্মূল কমিটির লোকজন তাকে সামাজিক শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের প্রেক্ষিতে বখাটে মিলনের কপালে মাটিজাত বস্তু (চারা) গুঁজে দিয়ে ঘণ্টাব্যাপী তাকে সূর্যের আলোর দিকে তাক করিয়ে রাখা হয়। চারাটি কপাল থেকে পরে যাওয়ায় একই মেয়াদে দু’দফা সাজা ভোগ করেন মিলন।




