ভেঙে গেল সীমান্ত-মীমের সংসার
নিউজ ডেস্ক।। ২০১৭ সালের ৮ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা আজিজুল হাকিম সীমান্ত ও মডেল মোর্শেদা খাতুন মীম। বছর যেতে না যেতেই ভেঙে গেল সীমান্ত-মীম দম্পতির সংসার। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রের মাধ্যমে কমেডি অভিনেতা হিসেবে ঢালিউডে অভিষেক ঘটে সীমান্তের। মীম মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০১৯ সালের ১৬ জানুয়ারি তারিখে সীমান্তকে তালাকের নোটিশ দেন মীম। ১৬ এপ্রিল তালাকটি কার্যকর হবে।
সীমান্ত গণমাধ্যমকে জানান, শাশুড়ির কাছে মীমের কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তিনি। তারপর মীমকে বাসায় নিয়ে যান শাশুড়ি। এরপর থেকে মূলত ঝামেলার শুরু অর্থাৎ যোগাযোগে বিঘ্ন ঘটে। মীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
সীমান্ত ‘বস টু’, ‘বাদশা’, ‘বিজলী’, ‘ অ্যাকশন জেসমিন’, ‘শুটার’সহ মোট ২৮টি সিনেমায় অভিনয় করেন। ২২ ফেব্রুয়ারি তার ‘অন্ধকার জগত’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।




