নাদিয়ার অভিভাবকের সন্ধান চায় পুলিশ
নিউজ ডেস্ক।। নাদিয়া নামের সাত বছরের এক মেয়ে শিশুকে খুঁজে পেয়েছে রাজধানীর গুলশান থানার পুলিশ। বর্তমানে ওই শিশুটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাওঁয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. ওবায়দুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ওবায়দুর রহমান বলেন, শিশুটির উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রং ফর্সা। তার পরনে সবুজ পায়জামা ও গোলাপী রঙের গেঞ্জি ছিল। তার বাবার নাম মো. জাহিদ, মায়ের নাম শাহনাজ। সে সঠিক ঠিকানা বলতে পারছে না। ঠিকানা জিজ্ঞাসা করলে নাদিয়া অজ্ঞাত কালীবাড়ি রোড দেওয়ানবাড়ি, থানা ভোলা সদর ও জেলা ভোলা বলছে, যা সঠিক না।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি গুলশান মডেল থানা এলাকার কালাচাঁদপুর এনিমা বিল্ডিং সংলগ্ন রাস্তার পাশে স্থানীয়রা নাদিয়াকে পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে খুঁজে পাওয়ার ঘটনায় ওই দিনই গুলশান মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ১৪১৬। কোনো সহৃদয়বান ব্যক্তি শিশু নাদিয়ার অভিভাবকের সন্ধান জেনে থাকলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার, ফোন নম্বর ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।




