গ্যাস বেরোচ্ছে নলকূপের পাইপে
নলকূপ খনন করতে গিয়ে পানির বদলে গ্যাস পেয়েছেন মিস্ত্রিরা। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।এলাকাবাসীর ধারণা, সেখানে গ্যাস থাকায় পাইপের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে।সাতলা গ্রামের মো. সিরাজ হাওলাদার জানান, গত বুধবার তার বাড়িতে একটি গভীর নলকূপ বসানোর জন্য মিস্ত্রি কাজ শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৪০ ফুট গভীরে পাইপ ঢোকানো হয়। এ সময় পাইপের মুখ দিয়ে বাতাসের বুদ্বুদ বের হয় এবং একপর্যায়ে পাইপ ওপরে উঠে আসে। বিষয়টি নিয়ে মিস্ত্রিদের সন্দেহ হলে তারা পাইপের মুখে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান। তখন আগুন জ্বলতে থাকে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে পাইপের মুখের আগুন দেখতে এলাকার মানুষজন ভিড় জমাতে থাকেন। পরে মিস্ত্রিরা কাজ বন্ধ করে দেন।স্থানীয় লোকজন বিষয়টি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তারকে জানিয়েছেন।




