সাবেক প্রধানমন্ত্রীকে কানমলা দিচ্ছেন স্ত্রী, কিন্তু কেন?
ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বয়স ৫৩। তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সে দেশের শাসনভার সামলেছেন। আর তাকেই কিনা কানমলা দিচ্ছেন এক নারী! সেই নারী আর কেউ নন, তার সহধর্মিনী তাশি দলমা। সাবেক প্রধানমন্ত্রী কেন কান মলা খাচ্ছেন জানেন?বৃহস্পতিবার ছিলো ভ্যালেন্টাইনস ডে। আর সে দিন বাড়ি ফেরার সময় তোবগে’কে ফুল আনতে বলেছিলেন তার স্ত্রী। কিন্তু তিনি তা ভুলে গিয়েছিলেন। ফলে স্ত্রীর হাতে কানমলা খেতে হয়েছে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীকে।
রসিক তোবগে ভ্যালেন্টাইন ডে-তে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ওই কানমলার ছবি পোস্ট করেছেন। সেখানে ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে। আর গাড়ির পিছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। পিছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মুলে দিচ্ছেন তিনি।ছবিতে সাবেক প্রধানমন্ত্রী মুখভঙ্গি দেখে মনে হচ্ছে, তিনি যেন স্কুলের পড়া ফাঁকি দেয়া অবাধ্য ছা্ত্র। কড়া স্কুল টিচারের কানমলা শাস্তি খেয়ে তার খুবই মন খারাপ।
আর কানমলা খাবার কারণটাও তিনি জানিয়ে দিয়েছেন ওই ছবিতে। একই সঙ্গে তিনি নেটিজেনদের সাবধান করে বলেছেন, ‘জীবনের বিশেষ দিনে গোলাপ না কিনে ভুলেও বাড়ি যেও না।’ সূত্র: আনন্দবাজার




