মন্দিরের জমি দখল করতে আসলে হাত-পা ভেঙে দেবেন : বিমান প্রতিমন্ত্রী
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, `মন্দিরের জমি দখলের চেষ্টা করা হলে তাদের হাত-পা ভেঙে পুলিশে দেবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। মন্দিরের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব। সরকারি সম্পত্তি দখল করা একটা কালচার হয়ে গেছে। এই কালচার বন্ধ করতে কাউকেই ছাড় দেওয়া হবে না।’আজ শুক্রবার সকালে মাধবপুর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ দেবতার আখড়ার নব-নির্মিত ভক্ত নিবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এলাকার জনগনের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। মানুষ যখন নিরাপদে থাকতে পারবে, রাতে দরজা খুলে শান্তিতে ঘুমাতে পারবে, তখনই মানুষ বুঝতে পারবে মন্ত্রীকে কাজে লেগেছে।’এ সময় মন্ত্রী আরও বলেন, ‘কোনো অপরাধীর বিষয়ে পুলিশকে বলতে না পারলে আমাকে বলবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
আখড়া পরিচালনা কমিটির আহব্বায়ক হরিশ চন্দ্র দেবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নিবাহী কর্মকর্তা মল্লিকা রানী দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এহতেশামুল বর চৌধুরী লিপু, হিন্দু মহাজোটের আহ্বায়ক মনোজ মোদক, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত প্রমুখ।




