এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে কুপিয়েছে সন্ত্রাসীরা
নিউজ ডেস্ক।। স্কুলে ‘ঝামেলা’ হওয়ায় শুভ হাওলাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে কুপিয়েছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে শুভ হালদারের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে যাচ্ছিল সে। এ সময় এলাকার চিহ্ণিত সন্ত্রাসী নাহিদ ও তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরে স্কুলের পাশের পুকুর পাড়ে নিয়ে গিয়ে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে তারা।
আহত অবস্থায় স্থানীয় লোকজন ও স্কুলের নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করা হয়। শুভ হালদার আমাদের সময়কে বলেছে, গতকাল নাহিদের সঙ্গে স্কুলের ভেতর ঝামেলা হয়েছে শুনেছি। তবে ওই ঝামেলায় আমি সম্পৃক্ত ছিলাম না। ওই ঝামেলার কারণেই আমার ওপর হামলা হয়েছে। কিন্তু কি ধরণের ঝামেলা হয়েছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি শুভ।
শুভর বাবা আলী মিয়া হাওলাদার আমাদের সময়কে জানান, তার ছেলের ওপর হামলাকারী নাহিদ মাল উপজেলার দত্তপাড়ার বাজেহারচর গ্রামের সোহরাবউদ্দিন মালের সন্তান। হামলার সময় তার ছেলে নাহিদকে চিনতে পারলেও বাকি দুজনের মুখ ঢাকা থাকায় তাদের চেনা যায়নি। তিনি এই হামলার বিচার দাবি করেছেন। আলী মিয়া আরও জানান, ধারালো অস্ত্রের আঘাতে শুভর ডান পায়ের হাটুতে গুরুতর জখম হয়। চিকিৎসকরা ধারণা করছেন তার পায়ের রগ কেটে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা রক্ত প্রবাহ বন্ধ করতে না পারায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। তবে হামলাকারীদের ধরতে অভিযান চলছে।




