রাজধানীতে দেবরের হাতে ভাবি খুন, আহত মা
নিউজ ডেস্ক।। রাজধানীর দক্ষিণখানে দেবরের ছুরিকাঘাতে শারমিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। আজ সোমবার বিকেলে দক্ষিণখানের ফায়েবাদাবাদ এলাকার টিআইসি কলোনিতে এ ঘটনা ঘটে। ওই সময় দেবর শফিকুলের ছুরিকাঘাতে আহত হয়েছেন তার মা হামিদা বেগমও (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে শফিকুল পলাতক রয়েছেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন সাহা জানান, দক্ষিণখানে টিএসি কলোনিতে সপরিবারে থাকতেন শফিকুল। গত বছর ইতালি গিয়েই বছরের শেষ দিকে বাড়ি ফেরেন তিনি। পারিবারিক কলহের জেরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে শফিকুল তার ভাবি শারমিন আক্তারকে ছুরিকাঘাত করেন।
ওসি জানান, ওই সময় শফিকুলের মা হামিদা বেগম দৌড়ে এসে ছেলেকে থামাতে গেলে তাকেও ছুরিকাহত করেন তিনি। আহত বউ-শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা এলে শফিকুল পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় দুই নারীকে টঙ্গি হাসপাতালে নেওয়ার পথে গৃহবধু শারমিন মারা যান। অভিযুক্ত শফিকুলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।




