খাঁচায় ফসকে গিয়ে তিন দানবীয় পান্ডার মুখোমুখি শিশু, অতপর দেখুন ভিডিওতে
ডেস্ক রিপোর্ট।। প্রাণীদের মধ্যে অন্যতম শান্ত-শিষ্ট ও ঠান্ডা মেজাজ হচ্ছে পান্ডার। তবে দানব শরীরের এই প্রাণীর খাঁচায় কেউ ঢুকে পড়লে কী ঘটতে পারে তা হয়তো ভাবেননি কেউ। চীনে পান্ডার খাঁচায় ভুল করে ঢুকে পড়া একটি বাচ্চার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মিডিয়ায়। গত শনিবার চীনের সিচ্যুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডা প্রজননের জন্য তৈরি হওয়া চেনংডু রিসার্চ বেসে এই ভয়ানক ঘটনাটি ঘটে। আট বছরের ছোট্ট মেয়েটি ঘিরে ধরে তিনটি পান্ডা।
ভিডিওতে দেখা গেছে, মেয়েটি পান্ডার বাসার মধ্যে পড়ে গিয়ে ভয়ে একাকার। এ সময় দুই পান্ডাই তার দিকে তাকিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। একজন নিরাপত্তা রক্ষী একটি লাঠির সাহায্যে মেয়েটিকে পশুর আস্তানা থেকে টেনে তোলার চেষ্টা করছেন কিন্তু বারেবারে ব্যর্থ হচ্ছেন। এদিকে হাজারো দর্শক দাঁড়িয়ে এই ঘটনাটি দেখছেন। এর মধ্যেই বাচ্চা মেয়েটির দিকে ধীর পায়ে এগিয়ে যেতে দেখা যায় তৃতীয় একটি পান্ডাকে। তখনই ওই নিরাপত্তাকর্মী লাঠি ছেড়ে নিজে খানিক নেমে পড়েন গর্তে, হাত ধরে বাচ্চাটিকে নিরাপদে টেনে তোলেন উপরে।
ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই ওই নিরাপত্তাকর্মী লিউ গুইহুয়ার প্রশংসা করেছেন সকলেই। তিনি বাচ্চাটিকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বাচ্চাটিকে হাসপাতালেও নিয়ে যান তার অভিভাবকেরা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ভয়ঙ্কর ঘটনাটির পরে সিচ্যুয়ান প্রদেশের গবেষণামূলক ব্যবস্থাপনা সংস্থা একটি সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়েছে-পান্ডারা যতখানি মিষ্টি দেখতে, যতখানি নম্র, ঠিক ততখানি তারা নয়। এমনকি পান্ডার দেখভাল করেন যারা তারাও তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন। পান্ডাদের বয়স ২ বছর হয়ে গেলেই তাদের থেকে দূরে থাকা উচিৎ।




