সরকারবিরোধী পোস্ট : মারধর করে টেনেহিঁচড়ে তুলে নেওয়া হলো সাংবাদিককে
ডেস্ক রিপোর্ট।। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় পাকিস্তানের এক সাংবাদিককে মারধর ও বাড়ির বাইরে থেকে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে ওই সাংবাদিককের ছেলে। গত শনিবার তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিজওয়ান রাজি লাহোরের বেসরকারি টিভি চ্যানেল দীন টিভিতে কর্মরত।পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থা জানায়, বিচারব্যবস্থা, সরকারি ও গোয়েন্দা পরিসেবা সম্পর্কে ‘অপমানজনক ও আপত্তিকর’ মন্তব্যের জন্য তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বে সাংবাদিক রিজওয়ান রাজিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
গত শনিবার সকালের ঘটনার বর্ণনা দিতে গিয়ে রয়টার্সকে ওই সাংবাদিকের ছেলে ওসমান বলেন, ‘আমার বাবা তার কয়েকজন বন্ধুকে বিদায় জানাতে গিয়েছিল। যখন তার বন্ধুরা চলে যান, তখন কালো হোন্ডা সিভিক কারে কয়েকজন অপরিচিত ব্যক্তি আসে। সে সময় তারা বাবাকে মারধর এবং টেনেহিঁচড়ে গাড়ি তুলে নিয়ে যায়। আমি গাড়ির পেছনে দৌঁড়াতে থাকি তবে কিছু করতে পারিনি।’
এদিকে তার এ ঘটনার পর পাকিস্তানের সাংবাদিকরা জানিয়েছেন, গত বছর নির্বাচনে জয়ী ইমরান খান ক্ষমতা গ্রহণের পর থেকেই ক্রমাগতভাবে তারা এমন প্রতিকূলতার শিকার হচ্ছেন। রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তানের তদন্তকারী সংস্থা দ্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রিজওয়ান রাজিকে এর আগে টুইটারে এক মন্তব্যের জন্য জিজ্ঞাসাবাদ করে। এতে আরও বলা হয়, তার বিরুদ্ধে মামলা দায়ের করারও অনুমোদন নেয় কর্তৃপক্ষ।




