ফেসবুকে নানা-নাতনির ছবি দিয়ে অপপ্রচার, অতপর…
নিউজ ডেস্ক।। কুমিল্লার নাঙ্গলকোটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা-নাতনির পারিবারিক ছবি দিয়ে সুনাম ক্ষুণ্ন করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি আল্ট্রা মডার্ন হাসপাতালের সাবেক পরিচালক আবদুল কুদ্দুছ ভুঁইয়া ও পৌর সদরের নাওগোদা গ্রামের শারমিন আক্তার। গতকাল শনিবার নাঙ্গলকোট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আদুল কুদ্দুছ ভুঁইয়া লিখিত বক্তব্যে জানান, গত ২ ফেব্রুয়ারি জামাল উদ্দিন স্বপন নামে এক ফেসবুক আইডি থেকে আমার একটি পারিবারিক ছবি প্রচার করে। আমি এ নিয়ে গত ৩ ফেব্রুয়ারি নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। আমার সাথে যে মেয়েটির ছবি প্রচার করা হয় সে আমার নাতনি।
আদুল কুদ্দুছ ভুঁইয়া আরও জানান, একটি কুচক্রিমহল সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং মান-সম্মান নষ্ট করার জন্য আমার ব্যবসায়িক ও সামাজিক শক্ররা এটা করেছে। আমি এ ঘটনায় সমাজের সর্বস্তরে বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে শারমিন আক্তার বলেন, ‘আবদুল কুদ্দুছ ভুঁইয়া সম্পর্কে আমার নানা। সে আমার দাদুর আপন ভাই। এটি একটি পারিবারিক ছবি। অনেকের উপস্থিতিতে হাসাহাসির মধ্যে আমার এক বড় বোন ২০১৭ সালে এ ছবিটি তোলেন। এ ছবিটিকে অতিরিক্ত রুপ দিয়ে গত ২ ফেব্রুয়ারি জামাল উদ্দিন স্বপন নামে ফেসবুক আইডি থেকে প্রচার করে। আমার নানার সাথে কারো সামাজিক শত্রুতা থাকতে পারে। এটা কোনো গোপন ছবি নয়। যেসব ফেসবুক আইডি থেকে ছবিগুলো প্রচার করা হয়েছে আমি এর বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- মাঈন উদ্দিন, আবদুল হাকিম, জান্নাতুল ফেরদৌস, আল্ট্রা মডার্ন হাসপাতালের ম্যানেজার এসএম আজাদুজ্জামান, মো. ইউনুছ প্রমুখ।




