259205

ঢাকা ডায়নামাইটসের কাছে হারের কারণ জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক।। প্রথম কোয়ালিফায়ারের পর বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে এবারের বিপিএল থেকে বিদায় নেয় রংপুর রাইডার্স। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অধিনায়ক মাশরাফির আক্ষেপ দলের সমন্বয় নিয়েই। জানালেন, ডি ভিলিয়ার্স ও হেলস চলে যাওয়ার ঘাটতি পুষিয়ে নিতে পারেনি দল।

তিনি বলেন, টিম ব্যালেন্সের জায়গায় সব সময়ই অভাব ছিল। সেটা শুরু থেকেই। আগের বছরও ছিল। সেবার সোহাগ গাজী, জিয়াউর রহমান, ওরা ওপেন করেছে। আমি তিনে খেলেছি। একই সমস্যা এবারও হয়েছে। অন্যান্য টিমে আফ্রিদি, থিসারা সাতে-আটে নেমেছে, আমাদের সেই সুযোগ নেই। আমাদের সাতে-আটে আমি, ফরহাদ রেজা খেলেছি। এটা বড় সমস্যা।

‘যতক্ষণ এবি, হেলস ছিল ততক্ষণ আমরা ম্যানেজ করতে পেরেছি টপে। ওরা চলে যাওয়ার পর সমস্যা হয়েছে। বিদেশি একজন অলরাউন্ডার যদি থাকতো তাহলে সুবিধা হতো। যেমন ব্রাভো বা রাসেল। ওদের বোলিং টপ কোয়ালিটি, ব্যাটিংও।’ মাশরাফি বলেন, আরেকটা জিনিস, আমাদের স্পিন বিভাগ আমাদের সেরা সাফল্য এনে দিতে পারেনি। অন্যান্য টিমে করেছে। আমাদের পেস বোলিং আক্রমণ নিয়ে আমরা এগিয়েছি। অন্যান্য দলে স্পিনাররা এ ধরণের উইকেটে অনেক কিছু করেছে। আমাদের হয়নি। যেটা আমাদের বড় ঘাটতি ছিল।

বুধবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪২ রানে অলআউট মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর। টার্গেট তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। সংক্ষিপ্ত স্কোর :রংপুর রাইডার্স: ১৯.৪ ওভারে ১৪২/১০ (বোপারা ৪৯, মিঠুন ৩৮, নাদিফ ২৭, গেইল ১৫; রুবেল  ৪/২৩, অনিক ২/২১, রাসেল ২/৩১)। ঢাকা ডায়নামাইটস: ১৬.৪ ওভারে ১৪৭/৫ ( রাসেল ৪০*, রনি ৩৫; মাশরাফি ২/৩২)। ফল: ঢাকা ডায়নামাইটস ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস)।

ad

পাঠকের মতামত